বিধ্বংসী ব্যাটিংয়ে ট্রাভিস হেডের দ্রুততম সেঞ্চুরি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

ভারতের বিপক্ষে অ্যাডিলেডে লিড নিয়েছে অস্ট্রেলিয়া। বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। এটা তার ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। ১১১ বলে তিন অংক ছুঁয়েই নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। দিবা-রাত্রির টেস্টে এটা দ্রুততম সেঞ্চুরিরর নতুন রেকর্ড। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হোবার্ট টেস্টে ১১২ বলে সেঞ্চুরি করেছিলেন ট্রাভিস হেড।

আজ শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনের বল লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে তিন অংক স্পর্শ করেন অ্যাডিলেডের ঘরের ছেলে হেড। সেঞ্চুরির পর তিনি বাচ্চা কোলে নেওয়ার ভঙ্গিতে উদ্‌যাপন করেন। গত নভেম্বরে তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন হেড। তাছাড়া উদ্‌যাপনের সময় কোলে বাচ্চা নিয়ে গ্যালারিতে ছিলেন হেডের স্ত্রী।

হেডের এই ঝড়ো ব্যাটিং অবশেষে থামান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ইনিংসের ৮২তম ওভারে একটি করে চার-ছক্কা হজমের পর সিরাজের দুর্দান্ত এক ইয়র্কারে হেডের স্টাম্প ছত্রখান হয়ে যায়। ১৪১ বলে ১৭ চার এবং ৪ ছক্কায় ১৪০ রানে ফেরেন হেড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আর একজনই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। তিনে নামা মার্নাস লাবুশানের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। দ্বিতীয় সেশন শেষে অজিদের লিড ১৫২ রানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত