অস্ট্রেলিয়া সফরে যোগ দিচ্ছেন মোহাম্মদ শামি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

দীর্ঘ প্রায় এক বছর চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন মোহাম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক অঙ্গনে তার ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির ভারতীয় দলে তিনি ছিলেন না। কিন্তু এবার তাকে উড়িয়ে নেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যেই সেখানে শামির কিট পৌঁছে গেছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি শেষ করেই উড়াল দেবেন শামি।

ইনজুরি কাটিয়ে ফেরার কারণেই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হয়নি শামিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে নিয়ে তাড়াহুড়া করতে চায়নি। এবার সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘শামির কিট ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। ভিসাও তৈরি আছে। সৈয়দ মুশতাক আলি ট্রফি শেষ হলেই শামি অস্ট্রেলিয়া চলে যাবে। ভারতীয় দল তাকে শেষ দুই টেস্টে পাবে।’

বর্তমানে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার পাশাপাশি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে ফিটনেস পরীক্ষাও দিচ্ছেন শামি। ফিটনেস পরীক্ষায় পাশ করলেই শামি অস্ট্রেলিয়া যাওয়ার অনাপত্তিপত্র (এনওসি) পেয়ে যাবেন। শামির দেখভালের জন্য রাজকোটে ছিলেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন পটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস।

দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় শামির ওজন কিছুটা বেড়েছে। তাকে ওজন কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ওই বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গেছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে। শামিকে দেখে এখন ভালোই মনে হচ্ছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত এনওসির জন্য অপেক্ষা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত