বউ- শাশুড়ির সম্পর্ক সাধারণ অম্লমধুর হয়। কিন্তু এবার শাশুড়ি শর্মিলা ঠাকুরের জন্মদিনে তাকে ‘গ্যাংস্টার’ বলে সম্বোধন করলেন কারিনা কাপুর! আবার ছবিও পোস্ট করলেন সোশ্যালে। বলিউডের নবাব পরিবারের বউ- শাশুড়ির এই আজব রসায়নের সাক্ষী থাকলেন নেটিজেনরা।
আসলে মজা করেই পোস্টটি করেছেন কারিনা। শাশুড়ি মা শর্মিলা ঠাকুরের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। তারই প্রতিফলন দেখা গেল এই পোস্টে। তিনটি ছবি শেয়ার করেছেন কারিনা। একটিতে তিনি শর্মিলা ঠাকুরের সঙ্গে খোশমেজাজে রয়েছেন। আরেকটিতে বর্ষীয়ান নায়িকার চোখে সানগ্লাস। শেষের ছবিতে নাতি জেহকে আদর করছেন শর্মিলা।
এমন তিন ছবির ক্যাপশনেই কারিনা লিখেছেন, ‘সবচেয়ে কুল গ্যাংস্টার কে? আমার বলার প্রয়োজন আছে? হ্যাপি বার্থ ডে শাশুড়িমা। সবচেয়ে সেরা।’
২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। কারিনার আগে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়।
শোনা যায়, অমৃতা ও শর্মিলার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাবা-মায়ের অমতেই নাকি নিজের চেয়ে বড় বয়সের নায়িকাকে বিয়ে করেছিলেন সাইফ। কিন্তু, কারিনার সঙ্গে শর্মিলার বেশ ভালো সম্পর্ক। আর তা নানা সময়ে ছবি-ভিডিওর মাধ্যমে দেখা গেছে।
রণবীর কাপুরের সঙ্গে যে কথা হয়েছে মেহজাবীনের