ক্যাম্পাসে নিরাপত্তার কারণে আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। গতকাল রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, আজ (গতকাল) স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে তার সভাপতিত্বে আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক ছিল। সেখানে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে বাড়তি নিরাপত্তা হিসেবে ওই চারদিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি মেট্রো স্টেশনের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন।
চার দিনের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন। এর বাইরে নতুন ইংরেজি বছরের আগের দিন ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট’ ও ১ জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন। এসব দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেশি থাকে।
