লালমনিরহাটে পিকআপ ভ্যান থেকে সার লুট

জড়িত ছাত্রদল নেতাসহ দুজন চিহ্নিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ এএম

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপ ভ্যান থামিয়ে ৫৩ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

সার লুটের ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ দুজনকে চিহ্নিত করেছে পুলিশ। 

তারা হলেন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ ও একই উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের শরিফুল ইসলাম সবুজ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, লুট হওয়া ৫৩ বস্তা সারের মধ্যে ইতিমধ্যে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। লুটের ঘটনায় শরিফুল ইসলাম সবুজ ও রাশেদুল ইসলাম নামে দুজনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।

হাতীবান্ধা থানার পুলিশ জানায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার থানাপাড়া এলাকার আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার শাহজাহান নামে এক সার ব্যবসায়ীর কাছে বিভিন্ন ধরনের ৮০ বস্তা সার বিক্রি করেন। সেই সারের বস্তাগুলো নিয়ে একটি পিকআপ ভ্যানে করে পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার পথে হাতীবান্ধার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় পিকআপ ভ্যানটি আটক করেন কয়েক যুবক। হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের শরিফুল ইসলাম সবুজ এবং একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজসহ কয়েকজন গাড়িটি থেকে ৫৩ বস্তা সার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। সেই অভিযানে রাশেদুল ইসলাম সবুজের বাড়ি থেকে ১১ বস্তা ও তার দেওয়া তথ্যমতে আরও ৩৬ বস্তাসহ মোট ৪৭ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে অভিযুক্ত শরিফুল ইসলাম সবুজ ও রাশেদুল ইসলাম সবুজের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দুজনের ফোনই বন্ধ পাওয়া গেছে।

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ নোমান জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। লোকমুখে শুনেছেন মাত্র। খোঁজ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদকের সঙ্গে কথা বলে পরে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, লুট হওয়া ৫৩ বস্তা সারের মধ্যে ইতিমধ্যে ৪৭ বস্তা সার উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত