শেষ বলে ছক্কা মেরে রোমাঞ্চকর জয় ঢাকার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

এমনই তো হওয়া উচিত টি-টোয়েন্টি ম্যাচ। সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির শুরুটা হলো রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে। সিলেটের বিপক্ষে জয়ের জন্য ঢাকার লক্ষ্য ছিল ২০৬ রানের। এমন ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় পেল ঢাকা।

শেষ ৬ বলে দরকার ১২ রান। সিলেটের তোফায়েলের করা ২০তম ওভারে প্রথম তিন বলে এলো ৩ রান। চতুর্থ বলে অঙ্কন চার মেরে, পঞ্চম বলে নিলেন এক রান। শেষ বলে দরকার ৫ রানের। চার রান এলে হবে টাই। তবে শুভাগত ওয়াইড লং অনে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

অবশ্য ঢাকার শেষ পর্যন্ত যাওয়ার পেছনে বড় অবদান আরিফুল ইসলামের। জিসানের ৫২ বলে ১০০ তে ভর করে বড় পুঁজিই পেয়েছিল সিলেট। পাল্টা জবাবটা দিলেন ঢাকার আরিফুল ৪৬ বলে খেললেন ৯৪ রানের ইনিংস। আরিফুলের ইনিংসে ছিল ৬ চার ও ৮ ছক্কা।

এরপর অঙ্কনের ২৩ বলে ৩০ ও হোমের ১৮ বলে ৩১ রানে জয়টা নিশ্চিত হয় ঢাকা বিভাগের। অঙ্কনের ইনিংসে ছিল ৪টি চার। শুভাগত দুটি করে চার ও ছক্কা মারেন।

এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মিলে মোট ২৫ ছক্কা মেরেছেন। দেশের ক্রিকেটারদের থেকে এমন ব্যাটিংই তো দেখতে চান ক্রিকেট ভক্তরা।

সেঞ্চুরি করেও ম্যাচ হেরেছেন জিসান। আর ৯৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আরিফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত