স্মার্ট ভূমি সেবায় ‘ফুলস্টপ’, দুর্ভোগ সাধারণের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

সন্তানকে বিদেশ পাঠাতে জমি বিক্রি করতে চান বালিয়াকান্দির ইসলাম উদ্দিন মন্ডল। ভূমি কর পরিশোধ ও নামজারির জন্য ১৫ দিন ধরে কম্পিউটারে দোকানে ঘুরছেন তিনি। সার্ভার বন্ধ থাকায় ভূমি কর ও নামজারির কোনোটিই করতে পারছেন না। অপর ভুক্তভোগী হাসনা হেনার জমি রেজিস্ট্রিতে প্রয়োজন কর পরিশোধ রশিদ। গত ১৭ দিন যাবত একটি কাজের জন্য ভূমি অফিসে প্রতিনিয়ত ঘুরেও কোনো সমাধান পাচ্ছেন না। ক্ষুব্ধ হাসনা হেনা বলেন, বিকল্প কোনো পথ না রেখে এভাবে দিনের পর দিন সেবা বন্ধ রাখা অমানবিক। ইসলাম উদ্দিন মন্ডল, হাসনা হেনার মতো বালিয়াকান্দির সহস্রাধিক নাগরিক গত ১৭ দিন চরম দুর্ভোগ পাড় করছেন।

জানা গেছে, গত ২৬ তারিখ সন্ধ্যা থেকে ১ তারিখ সকাল ৯টা পর্যন্ত নামজারি, অনলাইন পর্চা ও জমির খাজনা পরিশোধ ‘ভূমি কর’ সিস্টেম বন্ধ রাখার ঘোষণা দেয় ভূমি মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী ১ তারিখে অনলাইন সেবা চালও হবার বিষয় উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কেউই জানেন না স্মার্ট ভূমি সেবা ‘ফুলস্টপ’ থেকে কবে মিলবে নাগরিকদের ‘ননস্টপ’ সেবা। তারা বলছেন এটা ভূমি মন্ত্রণালয়ের কারিগরি বিভাগের বিষয়, মাঠ কার্যালয়ের অপেক্ষা ছাড়া করণীয় কিছু নেই।

বালিয়াকান্দি উপজেলার দলিল লেখক পারভেজ দেশ রূপান্তরকে বলেন, ১৫টি দলিল সম্পাদনের অপেক্ষায় আমার হাতে রয়েছে। এর মধ্যে একাধিক ব্যক্তি আছেন যারা জমি রেজিস্ট্রির পর টাকা পেয়ে ঢাকায় চিকিৎসা কাজে ব্যয় করবেন। টাকার অভাবে মুমূর্ষু অবস্থায় আছেন আরও কয়েকজন। কর পরিশোধ করা গেলে ১৫টি দলিলই সম্পাদনের জন্য সাব রেজিস্ট্রারের নিকট উপস্থাপন করা যেত। বিকল্প পথ না রেখে এভাবে অনলাইন সেবা বন্ধ রাখায় মানুষগুলো খুবই অসহায় জীবনযাপন করছেন, কেউ কেউ প্রতিদিন এসে ফিরে যাচ্ছেন। ঘোষণা অনুযায়ী ১ তারিখে চালু হওয়ার কথা থাকলেও পেরিয়েছে ১৭ দিন। কবে চালু হবে সে উত্তরও কেউ দিচ্ছে না।

কর পরিশোধের ওয়েবসাইটে ldtax.gov.bd প্রবেশ করে ভূমি উন্নয়ন কর লিংকে ক্লিক করলে portal.ldtax.gov.bd আসছে। সেখানে ভূমি উন্নয়ন কর লিংকে ক্লিক করার পর ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে। তবে লগইন এ পূর্বের আইডি পাসওয়ার্ড দিয়ে একাউন্টে প্রবেশ করা গেলেও নতুনরা রেজিস্ট্রেশন স্বাভাবিকভাবে হচ্ছে না। অনলাইন হেডারে পরীক্ষামূলক সংস্করণ লেখা রয়েছে। কবে স্বাভাবিক হবে এমন কোনো নোটিশ নেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।

২৬ তারিখ থেকে ভূমি কর, নামজারী, ই-পর্চা সেবা স্বাভাবিক ভাবে হচ্ছে না। হাতে-কলমে কর পরিশোধ ‘খাজনা আদায়’ এর সুযোগ নেই। অনলাইন স্বাভাবিক হলে আমরা নাগরিক সেবা দ্রুততার সঙ্গে নিশ্চিত করতে পারবো বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।

ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, পুরাতন আইডি, পাসওয়ার্ডধারীরা কষ্ট হলেও তাদের আবেদন করতে পারছেন। তবে নতুন সেবাগ্রহিতাদের সমস্যা হচ্ছে। নতুনভাবে সার্ভারটি চালু হলে আগের থেকে আরও ভূমিসেবা স্মার্ট হবে। তবে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি বলা যাচ্ছে না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত