রিয়ার হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে নবম স্থানে বাংলাদেশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম

টানা চার ম্যাচে হার দিয়ে শুরু হলেও নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে শেষ পর্যন্ত জয়ে ইতি টেনেছে বাংলাদেশ। শনিবার ওমানের মাসকটে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে প্রতিযোগিতা শেষ করেছে অর্পিতা পালের দল।

পুরো ম্যাচজুড়ে একচেটিয়া দাপট দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার ফল আসে ৮ মিনিটেই, যখন ফাতেমাতুজ্জোহরা ফিল্ড গোল করে দলকে এগিয়ে নেন। এরপর থেকেই শ্রীলঙ্কার ওপর ঝড় বইয়ে দেন রিয়া আরলিন।

রিয়া ২৩, ২৮ ও ৩১ মিনিটে টানা তিনটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তার দুর্দান্ত ফিনিশিংয়ে বিরতির আগে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পরও থেমে থাকেনি লাল-সবুজের দাপট। ৪৪ মিনিটে অধিনায়ক অর্পিতা পাল ফিল্ড গোল করে ব্যবধান ৫-০ করেন। এর পরপরই রিয়া নিজের চতুর্থ গোল করেন।

বাংলাদেশের সপ্তম গোলটি আসে ৫৩ মিনিটে, নাদিরা ইমার ফিল্ড গোল থেকে। আর ম্যাচের শেষ মুহূর্তে সোনিয়া খাতুন শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেন, দলের পক্ষে অষ্টম গোলটি করে।

এই জয়ে টুর্নামেন্টের নবম স্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ। রিয়া আরলিনের দুর্দান্ত ফর্ম এবং পুরো দলের আক্রমণাত্মক খেলার মেলবন্ধনে পাওয়া এই জয় ভবিষ্যতের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত