রাজধানী

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট আরোহী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে এক আরোহী। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রবিবার দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণখান শহীদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম গাজীপুর পূবাইলে একটি বেসরকারি কোম্পানির ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।

নিহত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির জানান, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। তারা দুজনই গাজীপুর পূবাইলে একটি কোম্পানির ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন মাসুম। 

পথে দক্ষিণখান শহীদনগর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় একটি ট্রাক মাসুমকে চাপা দেয়। আর তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত