বলিউড অভিনেতা বিবেক ওবেরয় তার ক্যারিয়ারের উত্থান-পতন এবং অভিনেতা হিসেবে জীবনযাত্রার কঠিন বাস্তবতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কীভাবে অর্থনৈতিক সংকটের মাঝেও বলিউড তারকাদের একটি নির্দিষ্ট জীবনযাত্রা বজায় রাখতে হয়।
ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়া ইভেন্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বিবেক বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রি একটি রোলার কোস্টারের মতো। সাফল্যের সময় মনে হয়, পুরো দুনিয়া আপনার পাশে আছে। কিন্তু ব্যর্থতার সময় পরিস্থিতি অনেক কঠিন হয়ে পড়ে, কেউ পাশে থাকেনা।’
তিনি আরও জানান, নিজের ক্যারিয়ারের উত্থান-পতন তাকে বুঝিয়েছে যে একজন অভিনেতার পরিস্থিতি কত দ্রুত বদলে যেতে পারে, যা প্রায়ই আর্থিক সংকটে পরিণত হয়। বিবেক বলেন, তিনি নিজের সাফল্য মাপতেন জন্মদিনে পাওয়া ফুলের তোড়া দেখে।
‘যখন আপনি ভালো করছেন, তখন বাড়িতে ফুলের তোড়া রাখার জায়গা থাকে না। প্রযোজক, পরিচালক এবং সহ-অভিনেতারা তোড়া পাঠান। কিন্তু যখন আপনার ছবি ভালো চলছে না, তখন সেই তোড়ার সংখ্যা কমতে শুরু করে, তখনই বুঝতে পারেন, আমি হয়তো ভালো করছি না!,’ বলেন এ অভিনেতা।
তিনি বলেন, বলিউড তারকাদের সামাজিক চাপের কারণেও নির্দিষ্ট জীবনযাত্রা বজায় রাখতে হয়, যা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘আমার এই বাস্তবতা বুঝতে পেরে আমি ব্যবসার দিকেও মন দিয়েছি। এর ফলে আমি এমন সিনেমা করতে বাধ্য নই, যেগুলো আমার পছন্দ নয় বা যেগুলোর চিত্রনাট্যে বিশ্বাস করি না, শুধুমাত্র বাড়ির খরচ বা ইএমআই শোধ করার জন্য।’
তিনি বলেন, ‘এই বিষয়টিই আমাকে শক্তিশালী করেছে। এখন আমি শুধুমাত্র সেই সিনেমাগুলো করি, যেগুলো আমার ভালো লাগে। আমাকে আর শুধু ‘ডাল-রুটি চালানো’ বা ‘ইএমআই দেওয়ার’ জন্য সিনেমা করতে হয় না।’
বলিউড অভিনেতা বলেন, ‘জনসাধারণের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে- অভিনেতাদের জীবন দুশ্চিন্তামুক্ত। কিন্তু বিবেক ব্যাখ্যা করেন, তারকাদেরও জীবনযাত্রা এবং সামাজিক মর্যাদা বজায় রাখার চাপ থাকে, যার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়।’
বিবেক ওবেরয়কে শেষ দেখা গিয়েছিল রোহিত শেট্টির ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স-এ। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং শিল্পা শেঠি।
পুষ্পা ২’র প্রশংসা দিলজিতের কণ্ঠে
সিক্যুয়েল আসছে বার্বি'র
আল্লু অর্জনের গ্রেপ্তারিতে সিনেমার আয় বেড়েছে ৭১ শতাংশ! 