শ্রদ্ধা শোভাযাত্রায় বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তোপধ্বনি, শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।

খুলনা : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর বয়রার মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। এ সময় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়। বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, নৌকাবাইচ, ফুটবল ও হাডুডু খেলার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ : সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ৬টায় শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। নারায়ণগঞ্জ সার্কিট হাউজে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তা ছাড়া শহরের চাষাঢ়ায় দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

বাগেরহাট : সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়। শহরের শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন। দুপুরে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। পরে জেলা শহরের রাজবাড়ী মাঠের পাশে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ও জেলা পুলিশ আবুল কালাম আজাদ। পরে বীর মুক্তিযোদ্ধা কমান্ড, গাজীপুর প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে সকালে গাজীপুর সদর মেট্রো থানার উদ্যোগে জেলা শহরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়।

ঝিনাইদহ : সকালে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৭টায় স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ছাড়া দিনভর কুচকাওয়াজ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস।

ঠাকুরগাঁও : জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রেস ক্লাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধার নাম-সংবলিত স্মৃতিফলকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেস ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়।

রাজবাড়ী : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সকাল ৭টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ের ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নড়াইল : সকাল ৬টা ৩৬ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানসহ প্রশাসনের কর্মকর্তারা। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন তিনি। পরে শিল্পকলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।

মাগুরা : সকাল ৮টায় নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৮টায় নোমানী ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ৯টায় আছাদুজ্জামান মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

লক্ষ্মীপুর : সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়ির গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়া শোভাযাত্রাসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

নীলফামারী : সকালে শহরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেস ক্লাব, সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৮টার সময় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। দুপুরে সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ : জেলা শহরের বিভিন্ন স্থানে দিনভর অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ ছাড়া শাহজাদপুর উপজেলা প্রশাসন দিনব্যাপী বিজয় অনুষ্ঠান আয়োজন করে। এসবের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত