লিবিয়ায় নিখোঁজ বিয়ানীবাজারের রেহাদ, সন্ধান চায় পরিবার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পিএম

উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে ৫ বছর আগে লিবিয়ায় পাড়ি দিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। আশা ছিল একটু স্বাবলম্বী হয়ে ঝুঁকিপূর্ণ সাগরপথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালি। কিন্তু গত ৯ দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এ নিয়ে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবি সর্বশেষ গত ৭ ডিসেম্বর পরিবারের সাথে ফোনে কথা হয়েছিল তার।

নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানু মিয়া ও সালেহা বেগম চৌধুরী দম্পত্তির তৃতীয় ছেলে। ছেলের সন্ধান চেয়ে সরকারের কাছে আকুতি জানিয়েছেন মা।

নিখোঁজ রেহাদের ছোট ভাই তাহমিদ আহমদ চৌধুরী ভাইয়ের খবর পেতে এদিক-সেদিক ছুটছেন। কিন্তু এখনো নিশ্চিত হতে পারেননি তার ভাই কোথায়। তবে জসিম নামে ভাইয়ের এক সহকর্মী তাকে জানিয়েছেন, রেহাদকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারিক সূত্র, ২০১৯ সালে ৪ লক্ষ টাকা খরচ করে লিবিয়ায় যান রেহাদ। ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে তিনি ব্যর্থ হন। এরপর লিবিয়ায় জাবিল ওয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ায় থাকা কেউ বা দূতাবাস তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন তারা।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি পেলাম। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। তারা সরকারের সহযোগিতা চাইলে শতভাগ সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত