হাইব্রিড মডেলে ভারত-পাকিস্তানে ২০২৪-২০২৭ চক্রের সব আইসিসি ইভেন্ট

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

আইসিসি অবশেষে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতার সমাধানে পৌঁছেছে। একটি হাইব্রিড মডেলে ৮ দলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিপরীতে, ভারতের মাটিতে আয়োজিত ২০২৪-২০২৭ চক্রের আইসিসি ইভেন্টে পাকিস্তানের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতে হবে।  

ক্রিকেটভিত্তিক ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানাচ্ছে, তারা এরকম একটা প্রস্তাবনার কপিতে বিষয়গুলো দেখতে পেয়েছে। আয়োজক বোর্ড আইসিসির নির্বাহী কমিটির বৈঠকে এই প্রস্তাবনা উত্থাপন করবে এবং তা অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত হবে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। একইভাবে, ২০২৫ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে।  

এমনকি ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা পরবর্তী ইভেন্ট চক্রের প্রথম টুর্নামেন্ট হিসেবে পাকিস্তানে আয়োজিত হবে, তাতেও এই চুক্তি কার্যকর হতে পারে।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো পাকিস্তানে না হওয়ায় ক্ষতিপূরণ হিসেবে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের করা হচ্ছে। এতে ভারত, পাকিস্তান এবং অন্য একটি এশিয়ান পূর্ণসদস্য দেশ (বা একটি সহযোগী সদস্য) অংশ নিতে পারে। তবে, এই সিরিজও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।  
২০২৫ সালের ফেব্রুয়ারি ১৯ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা থাকলেও এখনও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণেই এই বিলম্ব।

এই চুক্তি ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও ক্রীড়া টানাপোড়েনের দীর্ঘদিনের সমস্যার একটি অংশিক সমাধান হতে পারে। ক্রিকেটপ্রেমীরা এখন নিরপেক্ষ ভেন্যুতে ঐতিহাসিক ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত