১৩৭ বাস কেনায় অনিয়ম

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুদক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ পিএম

বিআরটিএ’র একটি প্রকল্পের জন্য ১৩৭টি বাস কেনার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওবায়দুল কাদের ছাড়াও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরীসহ আরও কয়েকজন দুদকের অনুসন্ধানের তালিকায় রয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

জানা গেছে, বিআরটিএ’র একটি প্রকল্পে ১৩৭টি বাস কেনার প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে ওবায়দুল কাদের ও পরিবহন বিভাগের সচিব আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

তাদের বিরুদ্ধে অভিযোগ, বিআরটিএ’র অধীনে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে চলাচলের জন্য ওবায়দুল কাদের ও সাবেক সচিব নূরী পছন্দের প্রতিষ্ঠানের মাধ্যমে শীতাতপনিয়ন্ত্রিত ১৩৭টি বাস কিনতে চেয়েছিলেন।

এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জাল জালিয়াতির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের এক হাজার ৯০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত