পুলিশ ও নৌবাহিনীর অনায়াস জয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ এএম

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ও রানার্সআপ নৌবাহিনী নিজ নিজ খেলায় জয় দিয়ে শুরু করেছে বিজয় দিবস কাবাডি।     

আসরের প্রথম ম্যাচে ফায়ার সার্ভিসকে বড় ব্যবধানে হারিয়েছে পুলিশ। ৫৬-২৮ পয়েন্টে জয় পেয়েছে তারা। প্রথমার্ধে পুলিশ ৩২-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। পুলিশের চারটি লোনার বিপরীতে একটি লোনা পেয়েছে ফায়ার সার্ভিস। পুরুষ বিভাগে দিনের দ্বিতীয় ম্যাচে নৌবাহিনী সহজেই ৫৪-২১ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়েছে। প্রথমার্ধে নৌবাহিনী ৩০-৭ পয়েন্টে এগিয়ে ছিল। পুরুষদের মতো জয় দিয়ে শুরু করেছে পুলিশ নারী কাবাডি দল। তারা ৪৫-১৬ পয়েন্টে নড়াইল জেলাকে হারিয়েছে। প্রথমার্ধে পুলিশ ২৩-৭ পয়েন্টে এগিয়ে ছিল।

এর আগে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহসভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ অন্য কর্মকর্তারা।

পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে মোট ১২টি দল অংশ নিচ্ছে এই আসরে। নারী বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, নড়াইল জেলা, ফরিদপুর জেলা ও জয়পুরহাট জেলা দল। আর পুরুষ বিভাগে খেলছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ২৪ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে কাবাডি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির যাত্রা শুরু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত