সময়টা ভালো যাচ্ছে না কারোই। টানা পাঁচবারের লিগ শিরোপাজয়ী বসুন্ধরা কিংস দুদিন আগেই হেরে বসেছে ফর্টিজ এফসির কাছে। নিজেদের আঙিনায় ফেডারেশন কাপের ম্যাচে তারা হেরেছে ২-০ ব্যবধানে। অন্যদিকে আবাহনীকে লিগে প্রথম হারের স্বাদ পেতে হয়েছে গত শনিবার। কুমিল্লায় তারা মোহামেডানের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। তাই দু-দলেরই আছে জয়ে ফেরার চাপ। এমন চাপ নিয়ে আজ আবার একে অন্যের মুখোমুখি হচ্ছে কিংস ও আবাহনী। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নামবে দু-দল।
বসুন্ধরা কিংস আগের তিন ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে। আবাহনীরও সমান পয়েন্ট। তবে তারা পাঁচে আছে গোল গড়ে পিছিয়ে থাকায়। পয়েন্ট টেবিলে এখন রাজত্ব করছে মোহামেডান। তিন ম্যাচে তিন জয়ে সংগ্রহ ৯ পয়েন্ট। আর সাত পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ব্রাদার্স। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হবে ছয় পয়েন্ট নিয়ে চারে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের। ছয় পয়েন্ট আছে রহমতগঞ্জেরও। তবে তাদের অবস্থান ছয়ে।
বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারিয়ে মোহামেডান আছে ভালো অবস্থানে। আজ পুলিশি বাধা পেরোতে পারলে প্রথমার্ধের পরের পথটা মোটামুটি সহজই হবে সাদা-কালোদের জন্য। অপেক্ষাকৃত দুর্বলদের কাছে পয়েন্ট না খোয়ালে মোহামেডানের এবার প্রথমপর্ব শীর্ষে থেকে শেষ করার সম্ভাবনাই বেশি।
ওপরের ছয় দলের পর শুধু ফর্টিজ এফসি খুলেছে পয়েন্টের খাতা। তিন ম্যাচ থেকে এক জয়, এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে সাতে দলটি। আর ফকিরাপুল ইয়ংমেন্স, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা ওয়ান্ডারার্স এখনো এক পয়েন্টও কুড়িয়ে নিতে পারেনি।
