রাজধানীর মতিঝিলে প্রতিপক্ষের মারধরে আবদুল হালিম (৬৩) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তি বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ছিলেন। গত বুধবার রাত পৌনে ১টার দিকে সহকর্মীরা ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হালিমের ছেলে এ জেড এম ফয়সাল খান জানান, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আহলা গ্রামে। তার বাবা বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন এবং ইউনিয়নের সভাপতি ছিলেন। গত মঙ্গলবার তার বাবা কাজে ঢাকায় আসেন। তিনি গত রাতে জানতে পারেন কে বা কারা তার বাবাকে মারধর করছে। পরে ঢাকা মেডিকেলে এসে বাবার মরদেহ দেখতে পায়।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মৃতের সহকর্মী ও ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী বলেন, মৃত হালিম বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিস সহকারী ছিলেন। ২০২০ সালে চট্টগ্রামের পটিয়ার ব্যাংক থেকে অবসরে যান তিনি। ইউনিয়ন নিয়ে ব্যাংকের অন্য সহকর্মীর সঙ্গে ঝামেলা চলছিল আবদুল হালিমের। অক্টোবর মাসে ব্যাংকের বার্তাবাহক ফয়েজ ও ক্যাশিয়ার মিরাজ মতিঝিলের ইউনিয়ন অফিস থেকে হালিমকে জোর করে বের করে দেন এবং অফিস দখল করেন। পরে তাকে হত্যার হুমকিও দেন।
