টাকা লেনদেন চক্রের দুজন আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় এনআইডি সেবা কেন্দ্র করে টাকা লেনদেনের চক্রের সঙ্গে জড়িত দুজনকে আটক করে দুদকের টিম। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান এনআইডি উইংয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব এএসএম হুমায়ুন কবীর।

এএসএম হুমায়ুন কবীর বলেন, আমি মাত্র এসেছি, দুই সপ্তাহ কাজ করেছি। যতটুকু জেনেছি, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারব না। আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আশা করি, আগামী তিন মাসের মধ্যে এটার উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। আমাদের অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি, এ সময়ের মধ্যে ৩ লাখ ৭৮ হাজার আবেদনেরই নিষ্পত্তি শেষ করার চেষ্টা করব। যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে।

এনআইডি সেবা নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে বৃহস্পতিবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীর জানান, দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে কারা সম্পৃক্ত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত