নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ওয়ো’র বাসোরুন ইসলামি হাই স্কুলে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন। গত বুধবার স্কুলে মেলা চলাকালীন এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়ো প্রাদেশিক পুলিশ।
জানা গেছে, ইবাদান শহরের ওই স্কুলে বিনোদন মেলায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। পুলিশ ধারণা করছে, অনুষ্ঠানে ইভেন্ট আয়োজকরা খাবার এবং উপহার বিতরণ শুরু করার পর হুড়াহুড়ি শুরু হয়।
ওয়ো প্রদেশিক পুলিশের মুখপাত্র এদেওয়ালে ওসিফেসো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে ৮ জন। গ্রেপ্তাররা সবাই কোনো না কোনোভাবে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন। সেই সঙ্গে দেশটির যে কোনো অনুষ্ঠানে জনসমাগমের আগেই যেন জননিরাপত্তার ব্যাপারটি ভালোভাবে যাচাই করা হয়— এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃত্যু বিরল ঘটনা নয়। গত মার্চ মাসে দেশটির মধ্যাঞ্চলে নাসারাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল দুই শিক্ষার্থীর। এ ঘটনায় আহত হয়েছিল আরও ২৩ জন। একই মাসেই উত্তরাঞ্চলীয় শহর বাউচিতে রমজান উপলক্ষ্যে আর্থিক সহায়তা নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৪ জন নারী।
স্কুলে শিক্ষিকাদের ওয়াশরুমে ক্যামেরা, চলতো লাইভ স্ট্রিমিং!