হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সন্ত্রাসীরা সিয়াম (১৮) নামের এক হোসিয়ারি কারখানার শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে তক্কার মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার বিকেলে নিহতের বাবা হালিম খান বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। 

নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাঁচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন হালিম খানের ছেলে। মামলার এজাহারনামীয় আসামি হলেন— ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের দুই ভাগ্নে সায়মন ও আল আমিন, নজরুল ইসলামের ছেলে নিলয়, সোনাই ওরফে আব্দুল্লাহ, মেহেদী, পারভেজ, আদর, একরাম, মহিউদ্দিন ও সাগর। 

নিহতের মা কাঞ্চন জানান, দু মাস অসুস্থ ছিল সিয়াম। সুস্থ হলে পনেরো দিন আগে নিহত সিয়াম একটি হোসিয়ারি কারখানায় যোগদান করে। শুক্রবার রাত নয়টার দিকে তিনি তার ছেলের মোবাইল ফোনে ফোন করলে সিয়াম তাকে জানায় বাসায় ফিরতে রাত ১০ টা বাজবে। রাত পৌনে ১০ টার দিকে ২-৩ জন ছেলে তাকে বাসায় এসে জানায় তার ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়েছে। তবে কারা কী কারণে কুপিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছে তা তিনি বলতে পারছেন না।

মামলার বাদি হালিম খান জানান, ঘটনার সময়ে সিয়ামের সঙ্গে তার দুই বন্ধু সোবহান ও মিলন ছিল। তাদের ৩ জনকেই কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। সিয়ামকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর বন্ধু মিলনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত