নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসীনের আদালতে গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান আসামিদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকালে নিহতের সহপাঠী বুয়েট শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন- প্রাইভেটকার চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অন্য দুইজন হলেন- ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী। তারা তিনজনই শিক্ষার্থী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) এ তিন আসামির মধ্যে ২ জন মদ্যপ ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ৩০০ ফিট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র নিহত হন। গুরুতর আহত হন ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্র মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। মেহেদী রাজধানীর স্কয়ার হাসপাতালে এবং অমিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মুহতাসিম মাসুদ (২২) বুয়েটের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মুহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেন যুবলীগ-ছাত্রলীগ নেতা
পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি