টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলামকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

গত ২২ নভেম্বর গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৩ নভেম্বর এ মামলায় সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে পুনরায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামি সুইডেন আসলামের এ মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি সুকৌশলে বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। তাই তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের প্রয়োজন। এ ছাড়া রনি ও ভাঙারি রনিসহ পলাতক আসামি এনামুল হাসান হেলাল, পিচ্চি হেলাল, বাদল ও কিলার বাদল, কাইল্লা বাদল এবং শাহজাহানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে টিটনের গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছিল বলে তদন্তে সত্যতা পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য সুইডেন আসলামকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে, সুইডেন আসলামের পক্ষে তার আইনজীবী মাহবুবুল আলম জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে পুলিশ। ওই তালিকায় টিটন ও আসলাম দুজনের নাম ছিল। নব্বইয়ের দশকে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আসেন সুইডেন আসলাম। তার বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলা হয়। এর মধ্যে অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়। প্রায় ২০ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে কারামুক্ত হন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে শতাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতার মধ্যেই সুইডেন আসলাম দেশত্যাগ করতে চেয়েছিলেন।

গত ২৮ এপ্রিল রাতে ঢাকার নিউমার্কেট এলাকায় টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

সর্বশেষ সর্বাধিক পঠিত