হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় রিমান্ডে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

গণঅভ্যুত্থানের সময় ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রবিবার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিন হত্যা মামলায় সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত। একই মামলায় গত ২৪ নভেম্বর তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে আজ সাঈদ খোকনকে হাজির করে সাত দিনের রিমান্ডে আরজি জানায় ডিবি। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ডের আবেদন বাতিল ও জামিন চেয়ে সাঈদ খোকনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মোহাম্মদ জানে আলম।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ধানমন্ডির জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় এ হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাঈদ খোকনসহ ১৭৬ জনকে আসামি করা হয়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত