বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলাভাষীদের কাছেও পরিচিত মুখ নুসরাত ফারিয়া। অভিনয়ের কল্যাণে দুই বাংলায় পরিচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে পর্দার হাসিনাও কার্যত আত্মগোপনে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন।
কয়েক দিন পরপর বিয়ের গুঞ্জন ওঠে নুসরাত ফারিয়াকে নিয়ে। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। গতকাল সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি বিয়ে নিয়ে চিন্তিত না। যদি বিয়ের জন্য বাগদানও সম্পন্ন হয়েছিল। মিডিয়াতে ঘটা করে সংবাদও হয়েছিল। কিন্তু এক অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে যায়। ফলে বিয়ের খবর কিংবা কবে বিয়ে করছেন এটা নিয়ে বারবার কথা শুনতেই হয় নুসরাত ফারিয়াকে। পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েক দিন পরপর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’ ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। কিন্তু বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এই অভিনেত্রী। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর কলকাতা ও ঢাকা দুই জায়গাতেই নিজেকে চেনাতে শুরু করেন তিনি।
