অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার অন্যরকম উপলক্ষ। আর এ বছর সেই উত্তেজনা দ্বিগুণ, কারণ প্রতিপক্ষ ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ ভারতীয় সমর্থকদের দাপট নিয়ে উসমান খাজার মজার মন্তব্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এবারের বক্সিং ডে টেস্ট নিয়ে ইতিমধ্যেই বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে। মেলবোর্নের প্রতিটি দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। প্রথম দিনই খেলা দেখতে মাঠে আসবেন ৮৬ হাজারের বেশি দর্শক, যাদের একটি বড় অংশই ভারতীয়। এই বিষয়টিই যেন অস্ট্রেলিয়ান ওপেনার খাজাকে মনে করিয়ে দিচ্ছে দিল্লির কোনো ম্যাচের কথা।
সম্প্রচারকারী চ্যানেলের এক ভিডিওতে খাজা রসিকতা করে বলেন, 'মেলবোর্নে খেলতে নামলে মনে হয় যেন ভারতের মাটিতে খেলছি। শেষবার যখন এখানে খেলেছিলাম, তখন এত ভারতীয় সমর্থক দেখেছিলাম যে মনে হচ্ছিল দিল্লিতে আছি। অস্ট্রেলিয়ার নামে চিৎকার করার আহ্বান জানানো হলেও দর্শকদের তেমন সাড়া পাওয়া যায়নি। কিন্তু ভারতের জন্য চিৎকার করার কথা বলতেই পুরো স্টেডিয়াম গর্জে উঠল। তখন বুঝতেই পারছিলাম না, মেলবোর্নে আছি নাকি দিল্লিতে। তবে এমন পরিবেশ মজার এবং স্মরণীয়।'
মেলবোর্নে ভারতীয় সমর্থকদের আধিপত্য নতুন কিছু নয়। দু’বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে এমসিজি-তে প্রায় এক লাখ দর্শক উপস্থিত ছিলেন। সেই ম্যাচেও ভারতীয় সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন তো অস্ট্রেলিয়ার মাটিতে ভারত খেলতে নামলেই সমর্থকদের ঢল নামে, যা খোয়াজার মতো খেলোয়াড়দের জন্য অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তুলে।
বক্সিং ডে টেস্টের মতো ঐতিহ্যবাহী ম্যাচে এমন সমর্থন যে ক্রিকেটের রোমাঞ্চ বাড়াবে, তা বলার অপেক্ষা রাখে না। মেলবোর্নে ভারতীয় সমর্থকদের এই দাপট খেলাটিকে যেন আরও বিশেষ করে তুলেছে।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নতুন ইতিহাস পাকিস্তানের
ভারত ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু হবে বাংলাদেশের