প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বিদায়ী সাক্ষাৎ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা সেক ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেছেন। অবকাঠামো, জলবায়ু মোকাবিলা, অবকাঠামো, ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশ্বব্যাংকের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা সেককে ধন্যবাদ জানান।

সেক প্রধান উপদেষ্টাকে বলেন, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক চট্টগ্রাম শহরের স্বাস্থ্য, পুষ্টি, এবং পানি ও স্যানিটেশন পরিষেবার উন্নতির সঙ্গে সঙ্গে জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত স্থিতিশীলতা তৈরিতে বাংলাদেশকে সহায়তার জন্য তিনটি অর্থায়নে প্রায় ১.২ বিলিয়ন ডলার অনুমোদন করেছে।

এর আগে রবিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংক মোট ৯০০ মিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছে।

সেক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগের জন্য বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত