একই প্রশ্ন বারবার শুনে চটে গেলেন রোহিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মার। রান করতে না পারায় অনেক বছরের প্রিয় ওপেনিং পজিশনও ছাড়তে হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টের আগে তার ব্যাটিং পজিশন নিয়ে ফের প্রশ্ন উঠল।

লোকেশ রাহুলের জন্য ওপেনিং পজিশন ছেড়ে দিয়েছিলেন রোহিত। সেই রাহুল মেলবোর্ন টেস্টের একদিন আগে অনুশীলনে চোট পান। তার খেলা এখনো অনিশ্চিত। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিতের কাছে জানতে চাওয়া হয়, রাহুল যেহেতু ইনজুরিতে আক্রান্ত, তাই তিনি আবার মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ফিরে আসবেন কিনা?

এই প্রশ্ন শুনে বেজায় চটে গিয়ে রোহিত বলেন, ‘কে কোথায় ব্যাট করবে… এই বিষয়গুলো আমরা নিজেদের মাঝে আলোচনা করেই ঠিক করে থাকি। এটা এমন কোনো বিষয় নয় যে, প্রতিটি সংবাদ সম্মেলনেই আমাকে এ বিষয়ে বলতে হবে।’

দলের পারফর্মেন্স নিয়ে রোহিত অবশ্য সন্তুষ্ট। তিনি সিরিজ জয়ের আশাও ছাড়ছেন না, ‘আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি এবং নিঃসন্দেহে ভাগ্যবান। শেষ ওভার পর্যন্ত সবার মাঝে হাল না ছাড়ার মানসিকতা দেখেছি এবং এই মনোভাব আমরা দীর্ঘদিন ধরেই ধারণ করি। হ্যাঁ, অ্যাডিলেডে (দ্বিতীয় টেস্ট) আমরা ভালো খেলিনি। তারপর ব্রিসবেনে মাত্র ১৮০ বা ১৯০ ওভার আমরা বোলিং করেছি (আসলে ১১৭.১ ওভার)। তিন টেস্ট শেষে আমাদের মানসিকতার প্রতিফলন স্পষ্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত