ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্ভাবনা ও জানুয়ারি মাসে তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর। অর্থনৈতিক এনগেজমেন্ট বৃদ্ধি ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, তুরস্কের বাণিজ্য মন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর মূলত অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি তুরস্কের সংহতি প্রকাশের দৃষ্টান্ত হয়ে থাকবে।
