জ্বালানির দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপে নজর বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতিতে কতটা প্রভাব পড়বে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তবে সামগ্রিকভাবে অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এসব কথা বলেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি হিসাবের জন্য যে পণ্য ও সেবার ঝুড়ি (বাস্কেট) নির্ধারণ করা হয়, সেখানে জ্বালানি খাতের অংশ কতটুকু, সেটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রান্নার কাজে বিকল্প জ্বালানির ব্যবস্থা না থাকলে জ্বালানির দাম বাড়ার প্রভাব পড়তে পারে। তবে মূল্যস্ফীতির হিসাবে জ্বালানির যে পরিমাণ অংশ রয়েছে, মূলত সেই অনুপাতে এর প্রভাব পড়বে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে বাড়তি ব্যয় এবং সরবরাহের অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ জ্বালানির জন্য অনেকাংশে আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে অনেক সময় সরকারকে স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে। এই বাড়তি ব্যয় পুরোপুরি ভোক্তাদের ওপর চাপিয়ে দিলে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেত। জনগণকে কিছুটা স্বস্তি দিতে সরকার ভর্তুকি দিয়ে বেশি দামে জ্বালানি সরবরাহ করছে। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহ ও দামের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে। এ পরিস্থিতি জনগণকেও সামাল দিতে হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত