‘মদ্যপ অবস্থায়’ গ্রেপ্তার কচুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

বাগেরহাটের কচুয়ায় চাঞ্চল্যকর মুক্তা শেখ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদি হাসান বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, কুয়াকাটা থেকে নিজ প্রাইভেটকারে পায়রা সেতুর টোলপ্লাজা অতিক্রমকালে টহল পুলিশের হাতে মদ্যপ অবস্থায় মেহেদী হাসান বাবু আটক হন। তার বিরুদ্ধে কচুয়া উপজেলায় ২০১৫ সালে যুবদলকর্মী মুক্তা শেখ হত্যা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে।

সূত্রটি আরও জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পর মেহেদী হাসান বাবুসহ মামলার অন্যান্য আসামিরা গা ঢাকা দেয়। তিনি পটুয়াখালী শহর, কলাপাড়া ও কুয়াকাটায় আত্মগোপনে ছিলেন। পরিবারের অন্য সদস্যদের নিয়ে বুধবার সন্ধ্যায় কুয়াকাটা সি-বিচ ভ্রমণকালে ফেসবুকে লাইভে আসেন তিনি।

সেই লাইভ দেখে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও থানা পুলিশের টনক নড়ে। খবর পেয়ে কুয়াকাটায় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পরিবারের সবাইকে রেখে মেহেদী হাসান বাবু মদ্যপ অবস্থায় দ্রুত বেগে বরিশালের দিকে পালানোর চেষ্টা করছিল। পায়রা সেতুর রোড ডিভাইডারে আটকে গেলে টোল কর্তৃপক্ষ তাকে পুলিশে দেয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, বাগেরহাটের পুলিশ সুপার ও কচুয়া থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কচুয়া থানা পুলিশ ইতোমধ্যে রওয়ানা দিয়ে দুমকির পথে রয়েছে। মেহেদী হাসান বাবুকে কচুয়া থানায় হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত