পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলার সীমান্তবর্তী লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন নবম চীন মৈত্রী সেতুর নামকরণ নিয়ে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে বিতর্ক চলছে। এর মধ্যেই এগিয়ে যাচ্ছে সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম। দুমকির চরগরবদি এলাকায় এরই মধ্যে ভূমি অধিগ্রহণ, ব্যবসাপ্রতিষ্ঠান সরানো এবং বিকল্প সড়ক নির্মাণে বালু ভরাটের কাজ শুরু হয়েছে।
প্রায় ১ হাজার ৩৫০ মিটার দীর্ঘ চার লেনের এ সেতুতে মোট ২৯টি পিলার নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সেতুর নাম ‘বগা সেতু’ হবে, নাকি ‘চরগরবদি-বগা সেতু’ হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পাল্টাপাল্টি প্রচারণা।
বাউফলের বাসিন্দারা সেতুর নাম ‘বগা সেতু’ রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে দুমকির চরগরবদি এলাকার বাসিন্দারা নিজেদের এলাকার নাম যুক্ত করে ‘চরগরবদি-বগা সেতু’ করার দাবি জানিয়েছেন। তাঁদের যুক্তি, সেতু নির্মাণের জন্য চরগরবদি এলাকার জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে হচ্ছে।
চরগরবদির বাসিন্দা রাসেদুল হাসান আরিফসহ কয়েকজন নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে স্থানীয়দের মতামত তুলে ধরেছেন। অন্যদিকে বগা এলাকার বাসিন্দারাও নিজেদের এলাকার নামে সেতুর নামকরণের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
প্রকল্পের নকশা অনুযায়ী, সেতুর মূল দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩৪৮ থেকে ১ হাজার ৩৫৬ মিটার এবং প্রস্থ প্রায় ১৫ মিটার। চার লেনের পাশাপাশি পথচারীদের চলাচলের জন্য থাকবে দুটি ফুটপাত। সেতুর ২৯টি পিলারের মধ্যে চরগরবদি প্রান্তে ১৩টি, বগা প্রান্তে ১২টি এবং নদীর মূল অংশে চারটি নির্মাণ করা হবে। বড় নৌযানের চলাচল নির্বিঘ্ন রাখতে মাঝখানে থাকবে ১২৮ মিটার দীর্ঘ বিশেষ স্প্যান।
বগা ফেরিঘাটের প্রায় ৩০০ গজ ভাটিতে নির্মিত হচ্ছে সেতুটি। এর দুই প্রান্তে প্রায় ১ দশমিক ২৭২ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। মূল সেতু ও সংযোগ সড়ক মিলিয়ে মোট দৈর্ঘ্য হবে প্রায় ২ দশমিক ৬২ কিলোমিটার। বৃহত্তর প্রকল্পের আওতায় আরও প্রায় ২১ দশমিক ২২ কিলোমিটার আঞ্চলিক সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
চরগরবদি এলাকায় ভূমি অধিগ্রহণ, ব্যবসাপ্রতিষ্ঠান সরানো এবং বিকল্প সড়কে বালু ভরাটের কাজ শুরু হয়েছে। সেখানে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়, আবাসিক কোয়ার্টার, ওয়ার্কশপ ও মালামাল সংরক্ষণের গুদাম নির্মাণ করা হবে। বিষয়টি জানিয়েছেন পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার।
বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণের ব্যয় বহন করবে চীন সরকার অনুদান হিসেবে। অন্যদিকে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর এবং আনুষঙ্গিক অবকাঠামোগত প্রস্তুতির ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।
এদিকে গত ১৭ নভেম্বর জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে কথা বলেন। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানান ওই সংসদ সদস্য।
সেতুটি নির্মিত হলে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, সেতুর নামকরণ কিংবা নির্মাণের কৃতিত্ব নিয়ে বিভেদ না বাড়িয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নে সবার গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এ সেতু কোনো একটি উপজেলার নয়, বরং পুরো দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।