আজ থেকে শুরু বিপিএলের একাদশ আসর

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আসরের দুই নবাগত দল দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে আসরের দুই সাবেক চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তিন মৌসুম পর বিপিএলে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের কোনো দল। ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানায় দুর্বার রাজশাহী খুব তারকাবহুল দল না হলেও অনেকের মতেই জায়গা মতো তাদের ভালো ক্রিকেটার আছে যারা ভালো করার সামর্থ্য রাখে। দলটির কোচ পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদ। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দারসের হেড কোচ ছিলেন ইজাজ, সেই অভিজ্ঞতা আর বাংলাদেশে খেলে যাওয়ার অভিজ্ঞতা মিলিয়েই বিপিএলে তার চমক দেখাবার ইচ্ছা, ‘এটা আমার পঞ্চম বা ষষ্ঠ বাংলাদেশ সফর হবে। টেস্টে আমার সর্বোচ্চ রানের ইনিংস ঢাকা স্টেডিয়ামে, ২০৯ (আসলে ২১১)। এখানে আমি বেশ পরিচিত ছিলাম। এরপর এখানে এশিয়া ইমার্জিং কাপে খেলতে (কোচ হিসেবে) আসি, সেটাও আমরা জিতি। আমার সময়ে যেসব ক্রিকেটার বাংলাদেশ দলে খেলেছেন, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যেকোনো একজন খেলোয়াড়ই আপনাকে জেতাতে পারে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে... যেমন ইয়াসির, তাসকিন, এনামুল হক। সবাই দারুণ ক্রিকেটার।’

দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন, অধিনায়ক থিসারা পেরেরা। অধিনায়কের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা অনেক দিনের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও কম নয়। দল নিয়ে তাকেও আশাবাদী শোনাল, ‘স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কীভাবে তাদের থেকে সেরাটা আদায় করতে হবে, জানি। কিছু অপরিচিত নাম থাকলেও তারা ভালো খেলেছে বলেই দলে নেওয়া হয়েছে। আমাদের দলে সেরা কয়েকজন স্থানীয় খেলোয়াড় আছে। মোস্তাফিজ, লিটনসহ দলে স্থানীয় তারকা অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দেবে। দলে ভালো স্থানীয় খেলোয়াড় থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।’ ঢাকা ক্যাপিটালসে আছেন সদ্যই ক্যারিবিয়ান থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে আসা অধিনায়ক লিটন দাস, যদিও তার ব্যাটে রান নেই। তবে প্রশংসিত হয়েছে অধিনায়কত্ব। লিটন কি তবে শাঁখের করাত হয়ে গেলেন? থিসারা মনে করেন, এমন কিছু হয়নি, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। আমি বলতে পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে।’

সন্ধ্যা ঘনালে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। কাগজে কলমে আসরের অন্যতম সেরা ও তারকাখচিত দুটো দল। যদিও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এই হিসাব মানতে নারাজ, ‘১-২ বলতেই পারেন! আমরা যেভাবে দল সাজিয়েছি আমার কাছে মনে হয় যতটুক পেরেছি ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করেছি। চ্যালেঞ্জটা হবে ৭-৮ ম্যাচের পর তখন খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে সেটা সব দলের জন্যই। আমার দলের জন্য অন্য দলের জন্যও। ওই সময় যারা ওই গ্যাপটা ভালোভাবে ফিল করতে পারবে তারা এগিয়ে থাকবে।’ বরিশাল রীতিমতো বাংলাদেশ জাতীয় দল, তারকায় ঠাসা। সঙ্গে বিদেশিও অনেক। তামিম নিশ্চিত করেছেন তার সঙ্গে উদ্বোধন করতে নামবেন নাজমুল হোসেন শান্ত, আজকের একাদশও নিশ্চিত।

শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা নিচ্ছেন তামিম, জানালেন, ‘যখনই আপনি কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবেন আপনার একটা দায়িত্ব থাকে। ওরা নিশ্চয়ই একটা প্ল্যান করেই নেয় যে এই খেলোয়াড়টার কাছ থেকে আমি এটা আশা করতে পারি। কিছু সময় ওই খেলোয়াড়টা পূরণ করে কিছু সময় করে না। এটাই ক্রিকেট। আমি শিওর আমাকে যখন ফরচুন বরিশাল দলে নেয় তাদেরও একটা এক্সপেক্টশেন ছিল, প্রথম মৌসুম অসাধারণ ছিল। এই বছরটা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবশ্য টাইলেট ডিফেন্ড করার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে আমি শুধু আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি একটা কথা বলতে পারি, আমি যদি সঠিক কাজটা করি এবং প্রস্তুতি ভালো হয় সেটা ভালো। আপনি যেভাবে ভাবছেন টুর্নামেন্ট সেভাবে নাও যেতে পারে আবার তার চেয়ে ভালোও যেতে পারে। আশা করি ভালো শুরু হবে, যে কোনো ব্যাটারের মতোই চাইব কাল যেন ভালো শুরু করতে পারি। আমার ক্যারিয়ারের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমাদের দলও যদি দেখেন সবার জন্যই টিম অলওয়েজ কাম ফার্স্ট। আমরা কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি... এটা যদি আমার দিন হয় নিশ্চিত করতে হবে এটা কাজে লাগাব বাকিদের হলে বাকিরা করবে। গতবার অবশ্যই একটু বেশি চাপে ছিলাম কারণ, আমরা সবসময় এক ম্যাচ দূরে ছিলাম বাদ পড়া থেকে। ওটার চাপটা অন্যরকম ছিল। একটা জিনিস কি আপনি দুনিয়ার সেরা দল বানাতে পারেন কিন্তু আপনি চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাপিয়ন এমন একটা জিনিস যেটা ওপর থেকে আসে, কপালেও থাকতে হয়। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওখানে পৌঁছানোর জন্য। আর আমি এখানে বসে কোনো পলিটিক্যালি রাইট অ্যান্সার দেব না, আমাদের শিরোপা জিততে হবে, এটাই।’

রংপুর রাইডার্স সম্প্রতি গায়ানায় গ্লোবাল সুপার লিগ জিতে এসেছে। অধিনায়ক নুরুল হাসান সোহানের কাছে সেই সাফল্যই বিপিএল জয়ের প্রেরণা, ‘অবশ্যই এটা আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ী। অবশ্যই টিমের জন্য ভালো একটা ভাইব তৈরি করবে। কিন্তু এটা আলাদা একটা টুর্নামেন্ট। এখানে নতুন করে শুরু করতে হবে। ওই জায়গা থেকে যে ইতিবাচক দিকগুলো আছে এর সঙ্গে ভুলগুলো যদি না করি, তাহলে হয়তো আমাদের জন্য আরও ভালো হবে।’ রংপুর রাইডার্সের দর্শকদের প্রত্যাশা মেটাতে সচেষ্ট থাকবেন সোহান, জানিয়েছেন এমনটাই, ‘দেখেন, রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত