৩৪ রানে ৭ উইকেট খুঁইয়ে হেরেই বসলো ভারত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের তিনটা সেশন কাটিয়ে দিয়তে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো ভারত। কাজটা অস্ট্রেলিয়ার জন্যই বরং কঠিন ছিল। শেষ দিনে ভারতের ১০ উইকেটই নিতে হতো অজি বোলারদের। প্রথম সেশনে ৩ উইকেট হারানো ভারত দ্বিতীয় সেশনে যশস্বী জয়সওয়াল এবং রিশভ পান্তের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে তোলে। ক্রমেই হতাশা বাড়ছিল স্বাগতিকদের। কিন্তু ট্রাভিস হেড পান্তকে ফেরাতেই ভেঙে পড়ে ভারতের সকল প্রতিরোধ। একের পর এক উইকেট হারিয়ে বক্সিং ডে টেস্টে ১৮৪ রানের ব্যবধানে হার মানতে হয় রোহিত শর্মার দলকে। আর এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়া ক্রিজে টেকে মাত্র ২ ওভার। জাসপ্রিত বুমরার ৫ শিকার হিসেবে নাথান লায়ন আউট হলে ২৩৪ রানে থামে অজিদের দ্বিতীয় ইনিংস। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০ রান। মেলবোর্নে শেষ ইনিংসে এই রান তাড়ার রেকর্ড নেই। তারপরও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ ফর্ম ঘুচানোর জন্য ভারত ঘুরে দাঁড়াবে আশা করা হলেও তা হয়নি। বরং লাঞ্চ বিরতির আগে এক ওভারে ভারতকে চাপে ফেলে দেন। কামিন্স। রোহিত শর্মার পর লোকেশ রাহুলকেও আউট করেন তিনি। রোহিত ৯ ও রাহুল শূন্য রানের মাথায় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

এর পর কোহলিও হতাশ করেন।  শুরুতে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ছিলেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে ধৈর্য হারিয়ে বসেন বিরাট। মিচেল স্টার্কের একটি বাইরের বল খেলার লোভ ছাড়তে পারলেন না। ৫ রানের মাথায় খোঁচা মেরে স্লিপে আউট হন তিনি। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।  

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত বিনা উইকেটে দ্বিতীয় সেশন শেষ পার করার আত্মবিশ্বাস নিয়ে শেষ সেশনে ব্যাটিংয়ে নামে। হাতে ৭ উইকেট। প্রথম চার ওভার দিব্যি পার করলেও এর পর ট্রাভিস হেডের বলে ধরা পড়েন রিশভ পান্ত। ১০৪ বলে ৩০ রান করেন তিনি। ৮৮ রানের এই জুটি ভাঙার দুঃখ হজম করতে না করতেই সাজঘরের পথ ধরেন আরও দুই জন, রবীন্দ্র জাদেজা ও নিতিশ কুমার রেড্ডি। জাদেজাকে ফেরান বোল্যান্ড, নিতিশ শিকার বনেন নাথান লায়নের।

১২১ থেকে ১৩০ রানে যেতে ৩ উইকেটে থেকে ৬ উইকেট লেখা হয়ে যায় ভারতের পাশে। যশস্বী একাই কিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ৮২ রানে কামিন্সের বলে তিনি ফেরার পর প্রায় নিশ্চিত হয়ে যায় হার। পরের ১৫ রানের মধ্যে বাকি ৩ উইকেটও হারায় ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত