রান পাহাড় গড়ে খুলনার জয়, একাই লড়লেন শামীম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম

বিপিএলের প্রথম দিন থেকেই এবার মিরপুরে দেখা যাচ্ছে রান উৎসব। আজ মঙ্গলবার চিটাগং কিংসের বিপক্ষে রান পাহাড় গড়েছিল খুলনা টাইগার্স। সেই রান তাড়ায় অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিল চিটাগং; কিন্তু শেষ রক্ষা হয়নি। ৩৭ রানের জয় দিয়ে বিপিএল শুরু করেছে মেহেদী হাসান মিরাজের খুলনা। অন্যদিকে চিটাগংয়ের হয়ে একাই লড়াই করেছেন শামীম পাটোয়ারী।

মিরপুরে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে প্রথম উইকেট হারায় খুলনা। এপরই অধিনায়ক মিরাজের সঙ্গে ৩৭ বলে ৫১ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার উইলিয়াম বোসিসটো। মিরাজ ১৮ বলে ১৮ করলেও বেসিসটো খেলেন ৫০ বলে ৭৫ রানের ইনিংস। বেসিসটোর সঙ্গে পঞ্চম উইকেটে আরেকটি জুটি গড়েন মহিদুল ইসলাম অংকন।

১৯ বলে ফিফটি করেন অংকন, যা বিপিএলে কোনো বাংলাদেশির দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ৫০ ছুঁয়েছিলেন রনি তালুকদার। শেষ পর্যন্ত অংকন অপরাজিত থাকেন ২২ বলে ১ চার ৬ ছক্কায় ৫৯ রানে। খুলনা তোলে ৪ উইকেটে ২০৩ রান।

সেই রান তাড়ায় নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চিটাগং। যদিও ওশান থমাসের করা সেই প্রথম ওভারে বল হয়েছিল মোট ১২টি; যার মধ্যে ৪টি নো বল এবং একটি ওয়াইড। কিন্তু এরপরই পথ হারায় চিটাগং। টপ অর্ডার বড় ইনিংস খেলতে পুরোপুরি ব্যর্থ। অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৭ বলে ৬ রান। মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী একাই চেষ্টা করেছিলেন। তার ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৭ চার ৫ ছক্কায় ৭৮ রানের ঝলমলে ইনিংস, যার স্ট্রাইকরেট ২০৫। কিন্তু শামীমকে কেউ সঙ্গ দিতে পারেনিন। তাই ১৮.৫ ওভারে ১৬৬ রানে অল-আউট হয় চিটাগং। ৪৪ রানে ৪ উইকেট নেন আবু হায়দার রনি, দুটি নেন মোহাম্মদ নওয়াজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত