নতুন বছরের প্রথম দিন থেকেই বন্ধ হলো ইউক্রেনের মাঝ দিয়ে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ। পরিবহনসংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আজ বুধবার নতুন বছর শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায়।
গ্যাসের সরবরাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন। এর ফলে বছরের প্রথম দিনেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাঁচ বছর মেয়াদি গ্যাস পরিবহনের চুক্তি শেষ হয়। খবর রয়টার্স।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রম বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গাজপ্রম।’
চুক্তি শেষ হওয়ায় মস্কোর স্থানীয় সময় সকাল আটটা থেকে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার কোনো গ্যাস সরবরাহ করা হয়নি বলে বিবৃতিতে জানায় গাজপ্রম।
এদিকে দেশের নিরাপত্তার স্বার্থেই ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস পরিবহন বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো।
এক বিবৃতিতে তিনি জানান, ‘আমরা রাশিয়ার গ্যাস পরিবহন বন্ধ করে দিয়েছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তাদের বাজার হারাচ্ছে। তারা আর্থিক লোকসানে ভুগবে। ইউরোপ এরই মধ্যে রুশ গ্যাস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে।’
ইউক্রেন বর্তমানে রাশিয়া থেকে পরিবহন ফি বাবদ বছরে ৮০ কোটি ডলার লোকসান করছে। গাজপ্রম গ্যাস বিক্রিতে প্রায় ৫০০ কোটি ডলার হারাতে পারে।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর দুই দেশের মধ্যে এক দশক ধরে বিপর্যস্ত সম্পর্কের অবসান ঘটে। ফলে বন্ধ হয়ে যায় ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার প্রাচীনতম গ্যাস রুটটি। ২০১৪ সালের পর থেকে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয় ইউক্রেন।
আতশবাজি দুর্ঘটনায় নিহত বেড়ে ৫, রাতভর আটক ৩৩০
পাকিস্তানে নতুন বর্ষবরণের সময় ফাঁকা গুলি, আহত ২৯