জুলাই-আগস্ট গণহত্যার বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চার প্রসিকিউটর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ এএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)।

নিয়োগপ্রাপ্তরা হলেন মো. আব্দুস সোবহান তরফদার (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), মো. শহিদুল ইসলাম সরদার (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), ফারুক আহমেদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) এবং মো. হাসানুল বান্না (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার)।

গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন ঠেকাতে শত শত মানুষ হত্যার অভিযোগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এ সরকার জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। গত বছরের ৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ চারজন প্রসিকিউটর নিয়োগ দেয় সরকার। চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আরও কয়েকজন আইনজীবী প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। এ ছাড়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত