রাজনৈতিক বিতর্কে আ. লীগ সুবিধা পাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চলমান রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন নিচে পড়ে যাচ্ছে। এ কারণে তারা এক ধরণের সুবিধা পাচ্ছে।’

আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের ব্যাপক দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। কারণ এটা না বললে আওয়ামী লীগ যে দুর্বৃত্তায়ন করেছে, সেটা মানুষ ভুলে যাবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিদ্যুৎ খাতে ম্যাজিক দেখাতে গিয়ে আওয়ামী লীগ মানুষকে সর্বস্বান্ত করেছে। বিদ্যুৎ খাতের সব জায়গায় দুর্নীতি হয়েছে। কোনো জায়গা বাদ নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৫ বছরে বিদ্যুৎ খাতটা আওয়ামী লীগ ব্যবসার খাত বানিয়েছিল। তাদের দুর্নীতির বোঝা এখন জনগণকে বহন করতে হচ্ছে। এই বিদ্যুৎ উন্নয়ন টেকসই নয়। যেকোনও সময় মুখ থুবড়ে পড়বে।’

এ সময় বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত