শুরুতে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তাসকিন আহমেদ, এরপর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় আর রায়ান বার্ল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্সে একচেটিয়াভাবে ম্যাচ জিতে নিল দুর্বার রাজশাহী। এই নিয়ে চলতি আসরে পরপর দুই ম্যাচ হারল ক্যাপিটালস। বিপিএলে দিনের প্রথম ম্যাচটি রাজশাহী জিতেছে ৭ উইকেট এবং ১১ বল হাতে রেখে।
রান তাড়ায় শুরুতেই রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসকে (১২) ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ৩১ রানে ৮ বলে কোনো রান না করেই বিদায় নেন আরেক ওপেনার জিসান আলম। এরপরই ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক এনামুল হক বিজয় আর ইয়াসির আলী। ২০ বলে ২২ রান করে ইয়াসির ফিরলেও ৩৫ বলে আসরে টানা দ্বিতীয় ফিফটি পূরণ করেন এনামুল। তার নতুন সঙ্গী হন রায়ার্ন বার্ল।
জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন হয় ৩৮ রানের। এই জুটিতেই ১১ বল এবং ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। বিজয় ৪৬ বলে ৯ চার ৩ ছক্কায় ৭৩ এবং বার্ল ৩৩ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৫ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাদের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে আসে ৫৬ বলে ১০৪ রান। বল হাতে একটি করে উইকেট নেন ঢাকার মুস্তাফিজ, মুকিদুল এবং আলাউদ্দিন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৭৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। দলীয় ১৪ রানে দুই ওপেনার লিটন দাস (০) আর তানজিদ হাসান তামিমকে (৯) তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদত হোসেন দিপু আর স্টিফেন এক্সিনজি ৪৭ বলে ৭৯ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন ২৯ বলে ৪৬ করেন। আর দিপু ৪১ বলে ৫০ রানে তাসকিনের তৃতীয় শিকার হন।
ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ছোট্ট একটা ঝড় তুলেছিলেন। তবে তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভাম রনজি (২৪), চতুরাঙ্গা ডি সিলভা (১), আলাউদ্দিন বাবু (১৩) এবং মুকিদুল ইসলামকে (০)। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারেই নিয়েছেন তিন উইকেট। বিপিএলের ইতিহাসে এটি ২১তম ৫ বা ততোধিক উইকেট শিকারের ঘটনা। চলতি আসরে প্রথম।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার এটি তৃতীয় ঘটনা। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইদরুস। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টিতে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার কলিন আকারম্যান। এবার তাদের দলে যোগ দিলেন তাসকিন।
এবার গোপনে মার্কিন মুলুকে রোমান-দিয়া
আগুন ঝরানো বোলিংয়ে তাসকিনের রেকর্ড ৭ উইকেট
মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে ঢুকল দর্শক