বিয়ে করলেন আরমান মালিক 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন সংগীতশিল্পী আরমান মালিক। বসেছেন বিয়ের পিঁড়িতে। সোশ্যালে বিয়ের ছবি শেয়ার করে সবাইকে আনন্দের খবরটি জানান নবদম্পতি। এমন খবরে শিল্পীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা। তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন।

দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আরমান। তারা দু’জনেই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘তু হি মেরা ঘর...’। অর্থাৎ, ‘তুমিই আমার বাড়ি।’

একটি ছবিতে দেখা যাচ্ছে আরমান এবং আশনা একে অপরের হাত ধরে আছেন, কোনও ছবিতে আবার তারা একে অপরের হাত ধরে কথা বলছেন। বিয়ের আচার অনুষ্ঠানের ছবিও শেয়ার করেছেন দম্পতি।

বিশেষ দিনে একেবারে সাবেকী সাজে সেজেছেন তারা। কমলা রঙের লেহেঙ্গা পান্নাখচিত গয়নায় দেখা গেল আশনাকে। অন্যদিকে, পিচ রঙের শেরওয়ানিতে সেজেছেন আরমান। তাদের দু’জনের জুটিকে এমন সাজে দেখে প্রশংসায় ভরিয়েছেন সকলেই।

আরমান মালিক ও আশনা শ্রফ ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন। পরে তিনি প্রেমিকাকে ডেডিকেট করে ‘কসম সে’-এর জন্য একটি বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করেন। 

আরমান এবং আশনা ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন। আরমান মালিকের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘যাব তাক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসাওয়ারিয়া’, ‘সাব তেরা’, ‘তুমহে আপনা বানা লেনা’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত