এখানে প্রেমের অঙ্ক কিছুটা টুইস্টেড...

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৪ এএম

‘অর্জুন মেরে হাজব্যান্ড কি বিবি’ শিরোনামে নতুন এক সিনেমা নিয়ে আসছেন অর্জুন কাপুর। এতে তার সঙ্গে রয়েছেন দুই নায়িকা ভূমি পেডেনকর ও রাকুল প্রীত।

রোমান্টিক কমেডি ঘরানার এই সিনেমাটির একটি মোশন পোস্টার শেয়ার করে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা। জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। যদিও সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল ২০২২ সালের নভেম্বরে।

পূজা এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে মোশন পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘এখানে প্রেমের অঙ্ক কিছুটা টুইস্টেড কারণ এটি কোনো ত্রিভুজ প্রেম নয়, এটি একটি সম্পূর্ণ বৃত্ত।’

‘পতি পতœী অউর ওহ’, ‘হ্যাপি ভাগ জায়েগি’, ‘খেল খেল মে’-র মতো সিনেমার জন্য সুপরিচিত মুদাসসর আজিজ ‘অর্জুন মেরে হাজব্যান্ড কি বিবি’ পরিচালনা করেছেন।

ছবিটি নিয়ে উচ্ছ্বসিত এই পরিচালক বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি সবসময় এমন গল্প বলায় বিশ্বাসী, যা সব বয়সী দর্শকদের বিনোদন দেয় এবং হাসিখুশি রাখে। আমি মনে করি, এমন সিনেমা স্মৃতিতে স্থায়ী হয় এবং ফের দেখতে আগ্রহ তৈরি করে।’  ‘আমি সবসময় সুস্থ বিনোদনকারীদের একজন ছিলাম যেসব সিনেমা বন্ধুবান্ধব এবং পরিবারকে এক করে, তাদের হাসায় ও তাদের কথা বলার সুযোগ করে দেয়। এই সিনেমার মাধ্যমে ঠিক সেটাই লক্ষ্য রেখেছি,’ যোগ করেন এ পরিচালক। ‘অর্জুন মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার মুহূর্তগুলো থিয়েটার ছাড়ার পরও দীর্ঘকাল মনে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘দর্শকরা যখন চরিত্রগুলো পর্দায় দেখবে, তখন তারা তা জানতে পারবে!’

অর্জুনকে শেষবার ‘সিংহাম এগেইন’ ছবিতে দেখা গিয়েছিল, যা পৌরাণিক মহাকাব্য রামায়ণের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি সিংহাম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এবং তার কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি।

রাকুল প্রীত সিংকে আগামীতে ‘দে দে পেয়ার দে টু’-তে দেখা যাবে। আকিভ আলি পরিচালিত প্রথমটির মতো নয়; সিক্যুয়েলটি পরিচালনা করবেন অনশুল শর্মা, যিনি ‘সারে জাহান সে মেহেঙ্গা’র জন্য পরিচিত।

ভূমি ‘ডালডাল’ সিনেমার মাধ্যমে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন, যেখানে তিনি একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। সিরিজটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে, আগামী বছর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। ডালডাল ছাড়াও ঈশান খট্টরের সঙ্গে ‘দ্য রয়্যালস’ নামে আরও একটি ওয়েব শোতে অভিনয় করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত