অসিম কুমার দাস, হাকিম আহমেদ রুবেলের পর এবার মার্কিন মুলুকে পাড়ি জমালেন আরচারির দেশসেরা জুটি রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গত শনিবার গোপনে দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন এই আরচারি দম্পতি। এই দম্পতির যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি দেশ রূপান্তরের কাছে নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী। এ ছাড়া জাতীয় দলে দিয়ার এক সতীর্থও নাম প্রকাশ না করার শর্তে দুজনের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২১ সালে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশ আরচারি দলের সদস্য ছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এর আগে আরচারি ছেড়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমানো অসিম ও রুবেলও ছিলেন সেই দলের সদস্য। এরা সবাই ২০২১ সালে পাওয়া যুক্তরাষ্ট্রের ভিসা কাজে লাগিয়ে সেখানে গিয়েছেন।
রোমান ও দিয়ার সঙ্গে বারবার সামাজিক মাধ্যমে যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন ধরেননি। তবে দিয়া সিদ্দিকীর বাবার সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে তিনি বলেন, ‘গতকাল (বুধবার) ওদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। ওরা এখন যুক্তরাষ্ট্রে আছে। তবে কোন শহরে আছে বলতে পারব না।’ দিয়া-রোমান কী স্থায়ী হতে যুক্তরাষ্ট্র গিয়েছে? এই প্রশ্নে দিয়ার বাবা বলেন, ‘দিয়া বেশ কিছুদিন ধরে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটিতে ছিল। ভারতের ভিসা বন্ধ থাকায় ওদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরে ওরা জানায় যুক্তরাষ্ট্রে যাবে। আমি তো জানি চিকিৎসা করাতেই গিয়েছে। এর বেশি কিছু জানি না। থেকে যাবে কি না এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কিংবা ওরাও এ রকম কিছু এখন পর্যন্ত আমাকে বলেনি।’ বিষয়টি আরও নিশ্চিত হতে আরচারি জাতীয় দলের এক পুরুষ আরচারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে এই বিষয়ে কথা বলতে চাননি। পরে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তারা চলে গেছে। যাওয়ার আগে আমাকে দিয়া বলেছে যাতে দোয়া করি। এর বেশি কিছু আমি জানি না।’
তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি জানা নেই বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাকে কিছুই জানায়নি। এখন তারা যদি স্বেচ্ছায় খেলা ছেড়ে চলে যায় তাহলে আমাদের তো কিছু করার নেই। আমাদের যা দায়িত্ব খেলোয়াড়দের লালন-পালন করা, ট্রেনিংয়ের মধ্যে রাখা, বিদেশে খেলতে পাঠানো সেগুলো আমরা করেছি। এখন সেই সুযোগ নিয়ে কেউ যদি চলে যায় সেটা তাদের সিদ্ধান্ত। আমি মনে করি না তাদের চলে যাওয়ায় আমাদের বড় কোনো ক্ষতি হয়েছে। আমরা নতুন নতুন আরচার তৈরি করছি।’
বড়দিন ও নববর্ষের ছুটি কাটিয়ে বুধবার কাজে যোগ দিয়েছেন জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। দুই শিষ্যের দেশত্যাগের বিষয়ে কিছুই জানা নেই তার। দেশ রূপান্তরের প্রতিবেদকের কাছ থেকে খবরটা পেয়ে বলেন, ‘আমি খবরটা শুনে সত্যি হতবাক হয়েছি। আমি ছুটির সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছি। গতকাল (বুধবার) ঢাকায় ফিরেছি। ওরা সত্যিই খেলা ছেড়ে চলে গেল কি না বলতে পারব না। এ ব্যাপারে খোঁজ নিয়েই আসলে মন্তব্য করতে পারব। তবে এ রকমটা যদি ঘটে থাকে, সেটা হবে দুঃখজনক। আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্য।’ দিয়াকে জাতীয় দল থেকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে ফ্রেডরিখ বলেন, ‘ওকে থেরাপির জন্য কিছুদিন বিশ্রাম দেওয়া হয়েছিল। সুস্থ হয়ে তো ওর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা!’
অফ ফর্মের কারণে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে বাংলাদেশের হয়ে প্রথম আরচার হিসেবে সরাসরি অলিম্পিক গেমসে খেলা রোমান সানা। অন্যদিকে রিকার্ভ ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের অবধারিত পছন্দ ছিলেন দিয়া সিদ্দিকী। টোকিও অলিম্পিকে তিনিও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। দুজনই বিভিন্ন আন্তর্জাতিক আসর থেকে একাধিক পদক এনে দিয়েছেন। অনেকবার হয়েছেন দেশসেরা আরচার। সম্প্রতি দিয়া চোটের কারণে ছুটিতে ছিলেন। হাতে ব্যথা অনুভূত হওয়ায় তিনি বিশ্রাম নিয়েছিলেন।
এর আগে ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলা আসার কিছুদিন পরেই সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কম্পাউন্ড আরচার অসিম কুমার দাস। রোমানের অফ ফর্মে জাতীয় দলের সেরা রিকার্ভ আরচারের তকমাটা পেয়েছিলেন হাকিম আহমেদ রুবেল। তবে আরচারি তাকে এবং তার পরিবারকে দেয়নি স্বস্তি। তাই উজ্জ্বল ভবিষ্যৎ জেনেও গত বছর অক্টোবরে গোপনে যুক্তরাষ্ট্রে চলে যান রুবেল। এই দুজনের পথ ধরে এবার যুক্তরাষ্ট্রে গেলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এতে দেশ হারাল দুই সেরা আরচারকে।
