মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলিসহ বিকাশ বাহিনীর প্রধান খালেদ হাসান বিকাশ মোড়লকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার বাঘরা বাসুদেব মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তার বিকাশ উপজেলার মধ্য বাঘরা এলাকার কাশেম মোড়লের ছেলে।
শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, বিকাশ তার বাহিনীর ১০-১২ জন সদস্য নিয়ে বাঘরা বাসুদেব মন্দির এলাকায় গভীর রাতে অবস্থান নেয়। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও বাহিনীর প্রধান বিকাশকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় বিকাশের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতি, মারামারিসহ আরও অন্তত ১০টি মামলা রয়েছে।
