নাজমুন মুনিরা ন্যান্সি, যার গায়কীতে মুগ্ধ হন আট থেকে আশি, সব বয়সের শ্রোতা। সিডি ক্যাসেটের যুগে দাপটের সঙ্গে নিজস্ব গায়কী দিয়ে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
বিদায়ী বছরে নতুন করে ফিরেছেন ছন্দে, হয়েছেন আগের চেয়েও ব্যস্ত। পেয়েছেন অসীম ভালোবাসাও। নতুন বছরেও সবার ভালোবাসার চাদরে মুড়িয়ে থাকতে চান বলে জানালেন জনপ্রিয় এই গায়িকা।
গেল বছরের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে জানতে চাইলে দেশ রূপান্তরকে নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি নিয়ে তো হিসেব করি না। তবে সবাই যে আমাকে সম্মানটা দিচ্ছে এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যে বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ ছিলাম সে জায়গাগুলোতে আমাকে ডাকা হচ্ছে, সম্মানিত করছে এই অনুভূতিটুকুই আমার কাছে প্রাপ্তি বলতে পারেন। আমি তো সিনেমাতে গান করতেই পারিনি। ২০২৩ সালে একটা সিনেমাতে গান করেছিলাম সেই গানের জন্য আমাকে সিজেএফবি সম্মাননা দিয়েছে। সেখানে স্টেজে দাঁড়িয়েও সবার সামনে এ কথায় বলেছি, আমাকে এই অনুষ্ঠানে ডেকে এনে পুরস্কার বলব না, যে সম্মানটা দেওয়া হয়েছে; এতেই আমি অনেক খুশি হয়েছি, সম্মানিত বোধ করেছি।
নতুন বছর নিয়ে অনেকেরই নানারকম পরিকল্পনা থাকে। আগে থেকেই রেজল্যুশন ঠিক করে রাখেন যে তারা কি কি করবেন। ঠিক এ রকম কি কি সাজিয়েছেন, এমন প্রশ্ন রাখা হয়েছিল এই গায়িকার কাছেও। তার সহজ সুলভ উত্তর, ‘এ রকম পরিকল্পনা করতাম অনেক অনেক বছরও আগে যে, এটা করব ওটা করব। এরপর থেকে আর কখনোই জীবন নিয়ে কিংবা কাজ নিয়ে কোনো পরিকল্পনা করা হয় না। কারণ আমার জীবনে পরিকল্পনা করে কখনোই কিছু হয়নি। যা হয়েছে তা পরিকল্পনা ছাড়াই। আমার মাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলব, আমার জীবনে এত উত্থান-পতন ঘটবে; এমনটা কখনো ভাবিনি। কিন্তু তারপরেও হয়েছে। তাই এখন আর সেসব নিয়ে ভাবিও না, ভাবতেও চাই না। ভবিষ্যৎ নিয়ে ভাবা অনেক আগেই ছেড়ে দিয়েছি।’
গানের প্রসঙ্গ টেনে ন্যান্সি বলেন, ‘এখন যেহেতু আমার কোনো নিষেধাজ্ঞা নেই, কাজ করতে কোনো সমস্যা নেই। আগে যারা আমাকে গানের জন্য কিংবা কোনো অনুষ্ঠানে ডাকতে পারত না এখন তারা আমাকে ডাকছে। এটা আমার কাছে অবশ্যই সম্মানের। এখন স্টেজে গান গাইতে পারছি, এটা অনেক ভালো লাগছে। তবে স্টেজে দাঁড়িয়ে গান গাইতে পারার আনন্দের চেয়ে যারা আগে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এখন তারাই আমাকে ডাকছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, সম্মানিত অনুভব করছি। গানের চেয়ে এখন সম্মানটাই বেশি উপভোগ করছি।’
নতুন বছরে বেশ কিছু নতুন গান নিয়ে আসবেন বলে জানালেন এই গায়িকা। তার ভাষ্যে, ‘তিনটা গান একদম রেডি আছে। হয়তো সামনে একটা একটা করে রিলিজ করব। এখন তো গান করতে গেলে সঙ্গে ভিডিও তৈরি করতে হয়। আমার কাছে এত উদ্ধৃত ছিল না কিংবা স্পন্সরও ছিল না যে এগুলোর মিউজিক ভিডিও করব। অনেকের সে রকম সুযোগ-সুবিধা আছে, তারা সেটা করতে পারছে। সামনে যদি স্পন্সর পাই তাহলে হয়তো আমিও করব। তবে গান করে যাব।’
যোগ করে তিনি আরও বলেন, ‘বাণিজ্যিক ধারার গান তো করা হচ্ছে না। নিজের মনের ক্ষুধা মেটানোর জন্য গান করছি। এই গানগুলো হয়তো আমাকে ১০টা শো এনে দেবে না, কিন্তু যারা ন্যান্সির গান পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে।’
হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি জুটির অসংখ্য শ্রোতাপ্রিয় এবং জনপ্রিয় গান রয়েছে। শ্রোতারা এখনো তাদের গান মিস করে। এই জুটিকে আবার কবে একসঙ্গে পাওয়া যাবে, এমন প্রশ্নে ন্যান্সি বলেন, ‘হাবিবের সঙ্গে আমার সিনেমাতেই বেশি গান করা হয়েছে। সিনেমার জন্য তো কেউ ডাকেনি। হাবিবও এখন সেভাবে সিনেমার গান করে না। হাবিবের সঙ্গে আমার এখনো সখ্য রয়েছে। আমাদের কাছে কাজের প্রস্তাব এলে অবশ্যই একসঙ্গে কাজ করব। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’
