বিএনপি চাঁদাবাজি-দখলদারি করছে প্রমাণ করে দেখান: আমিনুল হক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ এটাকে কিন্তু কোনওভাবেই মেনে নেবে না।

আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে মিরপুর সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে এম ডি সি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও বলছি। আসুন-আমরা সকলে মিলে ঐক্যমতের ভিক্তিতে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে চলমান যে সংকট রয়েছে আমরা তার সংস্কার করি। রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতেই আমরা সংস্কার করতে চাই। সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিক্তিতে সংস্কারের মাধ্যমেই বাংলাদেশ নতুনভাবে পুনর্গঠন হবে।

৫ আগস্টের পরও আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্ব-স্ব পদে বসে আছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমাদের এখনও দেখতে হচ্ছে-আওয়ামী লীগের দোসররা তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই আওয়ামী স্বৈরাচারের ষড়যন্ত্রকারীদের নির্মূল করতে হবে। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নইলে বাংলাদেশের সাধারণ মানুষ বাঙালি জাতি আপনাদের কাউকেই ক্ষমা করবে না।

দখলের নামে বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারী করছে বলে একটি ইসলামী দলের অভিযোগের জবাবে আমিনুল হক বলেন, আপনারা প্রমাণ করে দেখান বিএনপি কোথায় এসে চাঁদাবাজি-দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটা খেলা। এটা আমরা বুঝি। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপির কোনও নেতাকর্মী চাঁদাবাজি দখলদারি করার সুযোগ নাই। বিএনপির নামে চাঁদাবাজি দখলদারি ও লুটতরাজের কথা এটা সম্পূর্ণ বানানো এবং ফেইক।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হুসাইন খানের সভাপতিত্বে থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর বিএনপির সদস্য আলী আকবর আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত