ভারতে পালানোর সময় সীমান্তে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নীলফামারীর সৈয়দপুর পৌরসভা শাখার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। 

গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম সৈয়দ শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে।

শাহাজাদা সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে সৈয়দপুর থানায় দুটি  মামলা রয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরের দিকে শাহাজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে।’ 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, আটক ওই ব্যক্তিকে হিলি থেকে সৈয়দপুর থানায় আনা হবে এবং আদালতে সোপর্দ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত