হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় প্রথম পর্বে একটাই ম্যাচ খেলেছে সিলেট, আজ থেকে শুরু হওয়া সিলেট পর্বে ঘরের মাঠে তাদের ৫টি ম্যাচ। এই ৫ ম্যাচের অন্তত ৪টায় যদি সিলেট জিততে পারে, তাহলে প্লে-অফের পথে তারা এগিয়ে যাবে অনেকটাই।
সিলেট ফ্র্যাঞ্চাইজিটি অন্য ৬ দলের চেয়ে একটু আলাদা। ভূগোল, ভাষা ও সাংস্কৃতিক কারণে সিলেট বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একটু অন্যরকম, সিলেটি জাতিসত্তা কখনো কখনো হয়ে ওঠে বাংলাদেশি জাতীয়তার চেয়েও বড়! তাই তো দল গোছানোর সময় ফ্র্যাঞ্চাইজি মালিকরাও চেয়েছেন সিলেটের খেলোয়াড়দের প্রাধান্য দিতে। জাকের আলী অনিক, জাকির হাসান, রুয়েল মিয়া, তানজিম হাসান সাকিব; যারা সিলেট বিভাগীয় দলের হয়ে নিয়মিত খেলেছেন তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দুটি পাতা একটি কুঁড়ির সঙ্গেই আছেন।
জাকের আলী অনিক ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন নিজের সামর্থ্য। তাকে অনায়াসে বড় বড় ছক্কা মারতে দেখে বিস্মিত ক্যারিবিয়ানের দর্শকরাও। বিপিএলে প্রথম ম্যাচে সেই সামর্থ্যরে রূপায়ণ দেখা না গেলেও সিলেটে চেনা উইকেটে জাকের নিশ্চয়ই ফিরবেন ছন্দে। এই মাঠেই তো শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ছক্কায় ৩৪ বলে করেছিলেন ৬৮ রান! জাকির হাসান জাতীয় দলে সাদা বলে খুব একটা ভালো না করলেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিগত দুটো মৌসুমে খারাপ করেননি। সঙ্গে পল স্টার্লিং, রাহকিম কর্নওয়াল, রিস টপলি আর সামিউল্লাহ শেনওয়ারিদের নিয়ে সিলেটের দলটা বেশ কার্যকর। স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে বিদেশিদের পারফরম্যান্স মিলে গেলেই সিলেটের মাঠে ৫ ম্যাচের ৪টায় জিততে পারাটা কঠিন হবে না স্ট্রাইকার্স-এর জন্য।
রংপুর রাইডার্সের বিপক্ষে গেল বছরের শেষ দিনে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। নতুন বছরে সিলেটের প্রথম ম্যাচ সেই রংপুরের বিপক্ষেই। শুরুতেই রংপুরের বিপক্ষে দুটো ম্যাচ খেলার সুবিধা-অসুবিধা দুই-ই আছে। সূচির মারপ্যাঁচে শক্তিশালী দল গড়া রংপুরের বিপক্ষে শুরুতেই পরপর দুটো ম্যাচ খেলাটা সিলেটের ‘টেক অফ’ থামিয়ে দিতে পারে ঠিকই, তবে বড় দলকে হারাতে পারাটাও হতে পারে পরের দিকের জন্য জ্বালানি। দলের ফিল্ডিং কোচ ডলার মাহমুদ ম্যাচের আগে জানিয়েছেন, ‘ভালো বলতে আমাদের প্রস্তুতিটা ভালো হয়েছে, আমরা বেশ কয়েকদিন আগে এসেছি। ঘরের দর্শকদের একটা সমর্থন থাকবে।’ সিলেটের উইকেটের আগে থেকেই একটা পরিচিতি আছে ব্যাটিং স্বর্গ হিসেবে। এবার মিরপুরেও রান হচ্ছে, তাই সিলেটকে ঘিরে প্রত্যাশাও বাড়তি।
সিলেটের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে পারেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বিপিএলের প্রথম দুই ম্যাচে খারাপ করার পর সবশেষ ম্যাচে ছন্দে ফিরেছেন ৪১ বলে ৪৯* রানের ইনিংস খেলে। দুটো ভালো ইনিংস দেখা গেছে সাইফ হাসানের ব্যাটেও। এই সিলেটেই কিছুদিন আগে এনসিএল টি-২০ তে খেলেছেন অনেক স্থানীয় ক্রিকেটার। সেই অভিজ্ঞতাটাও নিশ্চয়ই তাদের কাজে লাগবে সিলেট পর্বে। সিলেট-রংপুর ম্যাচে জাকের-নাহিদ রানার দ্বৈরথটা হতে পারে আকর্ষণীয়।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুটো দলই একটি করে ম্যাচ জিতেছে এখন পর্যন্ত। ফরচুন বরিশাল জাতীয় দলের একঝাঁক তারকাকে বরিশালের লঞ্চে তুললেও তাদের সাফল্য এসেছে টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া মাহমুদউল্লাহ আর পাকিস্তান দলে ব্রাত্য হয়ে পড়া ফাহিম আশরাফের ব্যাটে ভর করে। অথচ তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, কাইল মায়ার্সের মতো তারকাদের নিয়ে গড়া টপ অর্ডার ব্যর্থ হয়েছে দুই ম্যাচেই। রাজশাহী তাসকিন আহমেদের ৭ উইকেটে ভর করে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জিতলেও পরের ম্যাচ চিটাগং কিংসের ব্যাটসম্যানরা তাকে দেখেশুনে খেলে বাকিদের ওপর চড়াও হয়েছেন। এই ম্যাচটায় তাসকিন বনাম তামিম-শান্ত-মুশফিক-মাহমুদউল্লাহদের দ্বৈরথ উপভোগ্য হবে নিঃসন্দেহে। সবশেষ ম্যাচে রাজশাহীর ব্যাটিংটা ধসে পড়লেও সিলেটের শিশিরসিক্ত উইকেটে পরে ব্যাট করতে হলে এনামুল হক, ইয়াসির রাব্বি, মোহাম্মদ হারিস, আকবর আলিদের সামনে মাঝারি সংগ্রহও হয়ে যেতে পারে মামুলি।
ফ্লাডলাইট জটিলতায় সিলেটে এনসিএলের ম্যাচগুলো দিনরাতের করা সম্ভব হয়নি। বিপিএলে ফ্লাডলাইট জ্বলবে, তবে সিলেট স্টেডিয়াম ঘেরা চা-বাগানের কারণে ঘন কুয়াশা আর শিশিরের প্রভাব টসকে করে তুলবে মহাগুরুত্বপূর্ণ। আগে বোলিং করলে তাসকিন নিশ্চয়ই চাইবেন লিটনের মতো তামিমকেও দ্রুতই ফেরাতে, এই দুইয়ের লড়াইটাই হয়ে উঠতে পারে ম্যাচের বড় আকর্ষণ।
তুষার ঝড় ছাপিয়ে ফুটবল উত্তাপে মাতল অ্যানফিল্ড
ফারুক-ফাহিম মনোমালিন্য, পরে সমাধান
শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ