আমাদের লোভ-লালসায় যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায়: দুলু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাসহ সারা দেশের সংঘঠিত আগে পরের সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। শেখ হাসিনাসহ খুনের দায়ের অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া যাবে না।

আজ সোমবার বিকেলে নাটোর শহরতলীর তেবাড়িয়া হাটে ছাত্রদল নেতা রাকিব ও স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানের দশম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

সমাবেশে দুলু আরও বলেন, দেশের আওয়ামীবিরোধী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাড়াবাড়ি হানাহানি করে কিছু পাওয়া যাবে না। সকলে মিলেমিশে থেকে দেশ গঠন করতে হবে। আগামী দিনে সকলে মিলে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে। সেই সরকারের অধীনে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে। সেই সরকার এদেশের সকল হত্যা ও অন্যায়ের বিচার করবে। আমাদের দায়িত্বশীল নাগরিকের ভূমিকা রাখতে হবে। আমাদের সাময়িক কোনও লোভ-লালসা বা হিংষা বিদ্বেষে যেন পতিত স্বৈরাচার সুযোগ না পায়।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের পাশের দেশে বসে পতিত স্বৈরাচার হাসিনা ও তার সকল অপকর্মের সহযোগীরা বাংলাদেশকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তাই আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে দেশের জন্য দায়িত্বশীল ভূমিকা পালণ করতে হবে। আমাদের শক্তহাতে বুদ্ধিমত্তার সঙ্গে সকল সিদ্ধান্ত নিতে হবে। নইলে পাশের দেশের সহযোগিতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারী হাসিনা নানা অপচেষ্টা চালাবে। দেশকে তারা পদে পদে অশান্ত করার অপচেষ্টা করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত