সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

গতকাল সোমবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী ২৯৪/৩-এস পিলার থেকে প্রায় ১০০ গজ দূরে চাপড়া গ্রাম থেকে বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার গ্রেপ্তারদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বগুড়া সাবগ্রাম এলাকার মংলা দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫) ও বুদা দেবনাথের ছেলে বিকাশ দেবনাথকে (১৬) এবং দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫) ও অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের মমিনুর রহমান (৩৫) ও চাপড়া গ্রামের কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমান (৩২)।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা ১১টার দিকে বিরামপুর উপজেলার অচিন্তপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী চাপড়া এলাকায় নিয়মিত টহলে যায়। ওই টহল দল গোপন সূত্রে জানতে পারে, স্থানীয় চাপড়া গ্রামের চোরাকারবারি মমিনুর রহমান ও ছইবুর রহমানের সহযোগিতায় কিছুসংখ্যক বাংলাদেশি নাগরিক রাতে ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে চাপড়া গ্রামে একত্র হচ্ছেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই ক্যাম্পের কমান্ডার স্থানীয় লোকজনের সহায়তায় চাপড়া গ্রামে তল্লাশি চালান। এ সময় ওই আটজনকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশে সহায়তাকারী উপজেলার চাপড়া গ্রামের বিষু মিয়ার ছেলে রুস্তম আলী (২৭), জহির উদ্দিনের ছেলে মইনুর রহমান (৩২), শাহাজাহান আলীর ছেলে সোহেল রানা (২৭), কফিল উদ্দিনের ছেলে মো. রাজু (৩৫) এবং গোপালপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে সোহেল হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিজিবির তল্লাশি অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও ভারতীয় সিমকার্ড, আটটি বাংলাদেশি সিমকার্ড, একটি মোবাইল চার্জার, চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড ও একটি ভারতীয় প্যান কার্ড জব্দ করা হয়।

ওসি মমতাজুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত