বেলুচিস্তানে ৫৪৫ পাকিস্তানি সেনা নিহতের দাবি!

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানে ২০২৪ সালে ৫৪৫ জনেরও বেশি ‘শত্রু সেনা’ নিহত এবং অন্তত ৩৭৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। ‘ঢাক-২০২৪’ নামে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ দাবি করেছে তারা। খবর বেলুচিস্তান পোস্টের। 

খবরে বলা হয়, ২০২৪ সালে ৩০২টি হামলা চালিয়েছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এরমধ্যে ১০টি ‘বিশেষ অভিযান’ এবং ছয়টি ‘ফিদাইন’ (আত্মঘাতী) মিশন ছিল। এসব অভিযানের ফলে ৫৪৫ জনেরও বেশি ‘শত্রু সেনা’ নিহত এবং কমপক্ষে ৩৭৮ জন আহত হয়েছে।

বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে। এদের মধ্যে বেলুচ লিবারেশন আর্মি সবচেয়ে সক্রিয়। বিএলএ-এর মতে, বেলুচিস্তান থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে পাকিস্তানের অন্যান্য অঞ্চলে উন্নয়ন ঘটানো হলেও এখানকার মানুষ সেই উন্নয়নের অংশীদার হতে পারে না।

বার্ষিক ওই প্রতিবেদনে বিএলএ বলেছে, এসব হামলার মাধ্যেমে তারা পাকিস্তানি বাহিনীর সামরিক স্থাপনা এবং বেলুচিস্তানজুড়ে কথিত ‘সহযোগীদের’ টার্গেট করেছে। এতে দাবি করা হয়, ৩৭ জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে ‘বেলুচ জাতীয় আদালতে’ তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিএলএর প্রতিবেদনে আরও জানানো হয়, সংগঠনটির যোদ্ধারা ৩০২টি অভিযানের মধ্যে ১৭৩টিতে পাকিস্তানি বাহিনীর ভারী বস্তুগত ক্ষতি করেছে। এসব হামলায় মোটরসাইকেল, রেললাইন, সেতু, নজরদারি ড্রোন, গ্যাস পাইপলাইন এবং খনিজ বহনকারী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত