আড়াইহাজারে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত সোমবার রাত ১০টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা এলাকার মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থক বুলু (৪৮), আলভি (২০), আবির (২১), মিলন (২৬), মিরাজ (২১), আব্দুল হাই প্রমুখ। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, দুপ্তারা ইউনিয়নের গির্দা গ্রামের লোকজন ফুটবল খেলার আয়োজন করেন। টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল সোমবার রাতে। দুপ্তারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুলু ও বিএনপি নেতা রফিকুল খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাগবিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ের দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। বুলু বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।’

এদিকে নেত্রকোনা জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তা বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলা হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতিসহ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে জেলা প্রেস ক্লাবের সামনে পরিবহন শ্রমিকরা ব্যানারে মানববন্ধনের আয়োজনে এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ জানায়, সকালে বিভিন্ন পরিবহনের সাধারণ শ্রমিকরা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনের আয়োজন করেন। আয়োজক শ্রমিকরা ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অন্যপক্ষ হামলা চালায়। এ সময় উভয়পক্ষ হাতাহাতিসহ সংঘর্ষে জড়ান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের আটজন আহত হন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত